মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩
মানিকগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন জন গ্রেপ্তার হয়েছেন, যাদের কাছ থেকে একটি চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হোসাইন মোহাম্মদ রায়হান জানান।
এই ব্যাপারে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে তিনি এক সংবাদ সম্মেলন করেন।
গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামের মো. আশিক (১৯), দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের সবুজ মিয়া (১৯) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সজিব হোসেন (২০)।
সংবাদ সম্মেলনে হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, মানিকগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। গত ১০ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিজভী হোসেন নামের এক যুবকের মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় ওই যুবক সদর থানায় মামলা করেন জানিয়ে রায়হান বলেন, “বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আশিক, সবুজ ও সজিবকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি করা রিজভীর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।”
সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ‘চোর চক্রের তিন সদস্য’ আশিক, সবুজ ও সজিবকে শুক্রবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
