‘বিএনপি না দিলেও সার্চ কমিটিতে তাদের ঘনিষ্ঠদের নাম এসেছে’
বিএনপি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিলেও দলটির ‘ঘনিষ্ঠ’ অনেকের নাম সেখানে এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হত তাহলে তাদের উচিত ছিল নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে সেখানে সম্পৃক্ত হয়ে অংশগ্রহণ করা।”
“যদিও বিএনপি বলছে, তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না, তবে সেখানে এমন অনেক বিশিষ্টজন রয়েছেন যারা এই দলটির সঙ্গে উপদেষ্টা হিসেবে অথবা নানাভাবে জড়িত।
মন্ত্রী বলেন, “বিএনপি সব সময় এক ধরনের লুকোচুরি খেলার চেষ্টা করে অথবা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। যা জাতি এখন বুঝে এবং জানে।”
ব্যাপক আলোচনার মধ্যে ইসিতে নিয়োগের আইন হওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন। সবশেষে সোমবার রাতে সার্চ কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ৩২২ নাম পাওয়া গেছে।
সার্চ কমিটি পরবর্তী সিইসি এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা।
বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়া, সার্চ কমিটিতে নাম না পাঠালেও আগামী নির্বাচনে অংশ নেবে বলে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এই অবস্থার মধ্যেই শুক্রবার চাঁদপুরের ষোলঘরে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।
জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে- মানুষ চায় তা অব্যাহত থাকুক। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
