বাগেরহাটে হরিণের চামড়া ও মাথা উদ্ধার
সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণের চামড়া ও মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
খুলনার কয়রা উপজেলার খাসিটানা খাল এলাকা থেকে ওই চামড়া ও মাথা বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফট্যানেন্ট কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে এ সময় কোনো চোরা শিকারিকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়া, দুটি মাথা, দুটি ভুড়ি, আটটি পা ও দুই কেজি মাংস উদ্ধার করা হয়।
“চোরা শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করে তা লোকালয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।”
হরিণের চামড়া ও দেহবাশেষ বনবিভাগের আন্ধারমানিক কার্যালয়ে হস্তারন্তর এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
