যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
যশোরে শহরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।
বুধবার রাতে শহরের শংকরে এই ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান।
নিহত ইয়াসিন আরাফাত (২৮) যুবলীগের কর্মী ছিলেন বলে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল জানান।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, রাতে ব্রাদার্স ক্লাবে কেরাম বোর্ড খেলছিলেন ইয়াসিন। এ সময় কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশ অনুসন্ধান করছে বলে তাসমীম জানান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সালাউদ্দীন বাবু বলেন, রাত ৮টা ২০ মিনিটে মৃত অবস্থায় ইয়াসিনকে হাসপাতালে আনা হয়। তার ঘাড়ে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
