২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 08:09 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার রাতে সখিপুর ইউনিয়নে এই গৃহবধূর মরদেহ পাওয়া যায় বলে সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানিয়েছেন।

৩৫ বছর বয়সী এই গৃহবধূর বাবার বাড়ি সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামে। ১১ বছর আগে চাঁদপুরের পুরান বাজারের রুবেল হাসানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ওসি জানান, সম্প্রতি রুবেল স্ত্রীকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন, যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার সকালে রুবেল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সখিপুরের সরদার কান্দি গ্রামে স্ত্রীর বাবার বাড়ি বেড়াতে যান। সন্ধ্যার পর চাঁদপুরে ফেরার সময় আবার ঝগড়া বাধে।

“এক পর্যায়ে ছেলে সোহানের (৯) সামনে রুবেল তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। রাতে পুলিশ সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পূর্ব পাশে সরিষাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।”

নিহতের ছেলে সোহান পুলিশকে বলে, ”বাবা-মা ঝগড়া করত। আমরা নানা বাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা আমার মায়ের গলা চেপে ধরে মেরে চলে যায়।”

ওসি মো. আসাদুজ্জামান আরও বলেন, বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

তবে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি আসাদুজ্জামান।