২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের পথে তুষারপাতে ফেনীর তরুণের মৃত্যুর খবর

অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তীব্র তুষারপাতে ফেনীর এক যুবকের মৃত্যুর খবর এসেছে পরিবারের কাছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 10:17 AM

Updated : 28 Apr 2022, 11:40 PM

নিহত নজরুল ইসলাম শাহীন (২৮) ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকার আবদুর রৌউফ মাস্টারবাড়ির মিজানুর রহমানের ছেলে।

শাহীনের মামাতো ভাই নাসির উদ্দিন মানিক জানান, শাহীন ফেনীর শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন। ২০১৯ সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান যান তিনি। সেখানে দুই বছর থাকার পর তিনি তুরস্ক চলে যান।

“কিছু বন্ধুর সঙ্গে শাহীন তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। গত ২ ফেব্রুয়ারি পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে সবাই। এরপর থেকে শাহীনের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার”, যোগ করেন নাসির।

শাহীনের বাবা মিজানুর রহমান বলেন, “দুই সপ্তাহ ছেলের খোঁজ-খবর না পেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি ও মুঠোফোন নম্বর দিয়ে সন্ধান চাই। মঙ্গলবার তুরস্ক থেকে মশিউর রাব্বী নামে এক প্রবাসী বাংলাদেশি শাহীনের ছবি দেখে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি জানায়।

“শাহীনের মরদেহ তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে বলেও জানান ওই প্রবাসী।”

মিজানুর রহমান ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “নজরুল ইসলাম শাহীন তুরস্কে তুষারপাতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন। লাশ দেশে আনতে নিহতের পরিবার যদি পৌরসভার কোনো সহযোগিতা চায় তাহলে সে অনুযায়ী সহায়তার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।”