২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নালা নির্মাণের খোঁড়াখুঁড়ির মধ্যে হেলে পড়ল তিন তলা ভবন

খুলনা নগরের বাগমারায় নালা নির্মাণের খোঁড়াখুঁড়ির মধ্যে তিন তলা একটি ভবন হেলে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 01:22 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার সন্ধ্যায় হেলে পড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে ওই ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে দেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মাজেদা খাতুন বলেন, সন্ধ্যার পর এলাকাবাসী ভবনটি রক্ষার জন্য বাঁশ বেঁধে দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভবনের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে। কেউ ঢুকতে পারছে না।

তিনি জানান, তিনতলা ভবনটির উপরে টিন শেডের কয়েকটি ঘরও রয়েছে। ভবনটিতে মোট ১২টি পরিবার বসবাস করে।

এই এলাকায় অনেক বাড়িই নিয়ম মেনে করা হয়নি বলে জানান ওয়ার্ড কাউন্সিলর।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক বাবুল চক্রবর্তী জানান,খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা গিয়ে ঝুঁকিপূর্ণ ওই ভবন খালি করেন।

তিনি বলেন, “ভবনটি নির্মাণের ক্ষেত্রে কোনো নিময় মানা হয়নি। ড্রেনের ইটের ওপর নির্মাণ করা হয়েছে।”

নগরীর ওই এলাকায় সিটি কর্পোরেশনের নালা সংস্কারের কাজ চলছে। তার ঠিকাদারি প্রতিষ্ঠান রোজা এন্টারপ্রাইজের মালিক গোলাম আযম বলেন, “ড্রেনের জন্য কোথাও সাত ফিট আবার কোথাও আট ফিট করে খোঁড়া হচ্ছে। ভবনটি ড্রেনের ইটের সলিংয়ের ওপরে নির্মাণ করা। ইট খুঁড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।”

ভবন মালিক প্রয়াত মহিউদ্দিনের জামাতা তৌফিকুর রহমান পিন্টু বলেন, গত ১৫ দিন ধরে শ্রমিকরা সেখানে মাটি খোঁড়ার কাজ করছে।

“বিকেলে শ্রমিকদের ভবনের মূল বেজের নিচ থেকে ইট তুলতে নিষেধ করা হলেও তারা কর্ণপাত করেনি। তারা বেজের ইট ও মাটি তুলে ফেলে। এর কিছুক্ষণ পরে গাঁথুনি ফেটে যায় এবং ভবনটি হেলে পড়ে।”

তিনি জানান, ভবনটি পাকিস্তান আমলে নির্মিত। ২৫ বছর আগে তার শ্বশুর ভবনসহ জমি কেনেন।

পিন্টু জানান, পরিবারের সদস্য ও ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে ভবন ছাড়লেও নিজেদের মালামাল বের করতে পারেনি।