২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের তানভীর একজন সফল বাগানমালিক

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বড় কোনো চাকরির পেছনে না ছুটে নিজ বাড়িতে গড়ে তুলেছেন ফুল ও ফলের বাগান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 06:17 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মাত্র দুইশ টাকা শুরুর পুঁজি এখন ৪০ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জানান এই উদ্যোক্তা।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের তানভীর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন। এরপরই সুলতানপুর গ্রামে বাড়ির পাশে ২৪ শতাংশ জমিতে ফুল ও ফলের বাগান করেন। এখন তানভীরের তিনটি বাগান রয়েছে।

এসব বাগানে যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিশ্বের ২৫টি দেশের পাঁচ শতাধিক পদ্ম, জলজ ফুল ও ফল গাছ রয়েছে বলে তানভীর জানান।

তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুল ও ফলগাছের বাগান বিষয়ে পড়াশোনার পাশাপাশি থাইল্যান্ড এবং আমেরিকার কয়েকজন বন্ধু অনেক সহায়তা করেছেন। ছাত্রজীবন থেকে নিজে কিছু করার প্রত্যয় থেকেই বাগান করার আগ্রহ।  মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে শুরু করে বর্তমানে প্রায় ৪০ লাখ টাকার গাছ রয়েছে এই বাগানে।”

তানভীর জানান, তার বাগানে অ্যাঞ্জেল ট্রাম্পেট, ক্যানাঙ্গা, গ্লিরিসিডিয়া, কানাইডিংগা, ডম্বিয়া, বিভিন্ন রঙের দোলন চাঁপা, আফ্রিকান বাওবাব, হলুদ শিমুল, হাজার পাপড়ির পদ্ম, স্থল পদ্ম, জল গোলাপ, নীলমনি, শ্বেতমনি, সরস্বতী চাঁপা, গোলাপি সহস্র বেলি, রাজ অশোক, পার্সিয়ান জুঁই, ব্রাউনিয়া, সিলভার ওক, কাইজেলিয়া, পারুলসহ অন্তত ৫০০ প্রজাতির দুর্লভ গাছ রয়েছে।

এসব ফুলের মধ্যে দুটির নাকরণ তিনি নিজে করেছেন; যেগুলো তার হাত ধরেই দেশে প্রথম এসেছে বলে তানভীর মনে করেন।

একটি হলো ‘জল গোলাপ’। জলে হওয়া গাছটির ফুল সাদা গোলাপের মতো। তাই ইংরেজি নাম বাদ দিয়ে ’জল গোলাপ’ নামকরণ করেন যা এখন দেশব্যাপী পরিচিত হয়েছে। আরেকটির নাম দেন আমাদের দেশের জনপ্রিয় শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের নামে – ‘মমতাজ শাপলা’।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল ও গাছপ্রেমীরা তানভীরের বাগান দেখতে আসেন। অনেকে কিনে নিয়ে যান পছন্দের গাছ ও ফুল।

তানভীর বলেন, উদ্ভাবক হিসেবেও নিজেকে দাঁড় করিয়েছেন। তার নিজের উদ্ভাবিত শাপলা ও পদ্ম জবার প্রায় ১০০ এর মত প্রজাতি রয়েছে।

মন্ত্রীর বাড়ি, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন রিসোর্টসহ নানা জায়গায় গাছ বিক্রি করেছেন বলে জানান তানভীর।

এছাড়া, ‘Buy your plant from us’ নামের একটি ফেইসবুক গ্রপ থেকে অনলাইনেও গাছ বিক্রি করেন তিনি।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম তানভীরের বাগান পরিদর্শন করেছেন। তার নামানুসারে ’মমতাজ শাপলা’ নামকরণ করায় তিনি উচ্ছ্বসিত।

মমতাজ বেগম বলেন, “আমি উচ্ছ্বসিত, বিমোহিত। আমার নামে একটা শাপলার নামকরণ হয়েছে।“

এ ব্যাপারে তানভীর বলেন, ”ব্যক্তি মমতাজ আমার কাছে অসাধারণ। আমরা ভাগ্যবান যে মমতাজের মতো এত বড় গুণী শিল্পীর সময়ে আমরা জন্মেছি।”

ভোর থেকে থেকে রাত পর্যন্ত বাগানে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন; বাগানটিকে সন্তানের মতো মনে করেন বলে জানান তানভীর জানান।

তানভীরের বাগান সম্পর্কে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, হরিরামপুরে ফুলের নার্সারি নেই বললেই চলে। এরকম একটি ব্যাতিক্রমী উদ্যোগের নিয়মিত খোঁজ রাখছেন তিনি। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে তানভীরের সঙ্গে কথা হয়েছে। তার বাগানে অনেক প্রজাতির দেশি বিদেশি ফুল রয়েছে। বলে জানান মো. সাইফুল।