২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কোভিডে আরও ২ মৃত্যু

ফরিদপুরে একদিনে কোভিড আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৯৪ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 12:11 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

ফরিদপুর জেলা সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪৭ জনের মৃত্যু হল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় পিসিআর ল্যাব ও উপজেলা পর্যায়ের র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট হয়েছে ২৬৭ জনের। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৯৪ জন; যা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ২০ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৫৯ জনে দাঁড়াল। আর সুস্থ হয়েছে ২৩ হাজার ৮ জন।

মঙ্গলবার পর্যন্ত ২১২ রোগী হোম আইসোলেশনে এবং ৩৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান সিভিল সার্জন।

এদিকে কোভিড সংক্রমণ ঠেকাতে জেলা প্রসাশনের পক্ষ থেকে সব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন।

অতুল বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা কাজ করার জন্য বলা হয়েছে। হোটেল গুলোতে অধিক সংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহী করা হচ্ছে।”

এসব নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি।