ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্টদের নতুন নেতৃত্ব
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্বে এসেছেন আব্দুল আউয়াল ও শাকিল আহমেদ।
সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকটে মোস্তাক আলম টুলু ভোট শেষে ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাকের উল্লাহ ও কামরুল হাসান।
‘সিএনআই এশিয়া ডট নিউজ’-এর জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. শাকিল আহমেদ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএপি টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রহিম শুভ ২৩ ভোট ও একই পদে অন্য দিগন্ত ডটকমের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাপ্পীও পান ২৩ ভোট।
পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু লটারির মাধ্যমে রহিম শুভকে নির্বাচিত ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার মোস্তাক আলম টুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনটির ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও বাকি ১০টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। ৪৯টি ভোটের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সবার সংবাদ টোয়েন্টিফোর ডটকমের তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলোচিত কণ্ঠ ডটকমের জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক প্রজন্ম কণ্ঠ ডটকমের জুনাইদ কবির, দপ্তর সম্পাদক প্রেস লাইভ টুয়েন্টিফোর ডটকমের জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক ট্রাইব্যুনাল টোয়েন্টিফোর ডটকমের নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা লাইভ টোয়েন্টিফোর ডটকমের আসিফ জামান, ক্রীড়া সম্পাদক আজকে আলো ডটকমের সুজন আলী, নির্বাহী সদস্য আজকের পত্রিকা ডটকমের রহিম উল আলম খোকন, বাংলার অধিকার ডটকমের মাজেদুর রহমান মাজেদ ও ঢাকার কণ্ঠ ডটকমের আব্দুল আজিজ আরিফ।
নির্বাচনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
