শরীয়তপুরে রেকর্ড রুমে ঘুষ নেওয়ার অভিযোগ
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমে সেবা নিতে আসা নাগরিকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ ছাড়া কেউ সেবা নিতে চাইলে হয়নরানির শিকার হতে হয়। নির্দষ্ট হারের চেয়ে বেশি অর্থ দিতে হয়। গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখা হয় অনিয়ম করার জন্য।
নিজ কার্যালয়ের রেকর্ড রুমে অনিয়ম হওয়ার কথা স্বীকার করে শরীয়তপুর জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
গোসাইর হাট উপজেলা থেকে পর্চা তুলতে আসা দলিল উদ্দিন বেপারী ও রেকর্ড রুমের কর্মচারীরা জানান, জায়গা জমির নকশা, পর্চা, মামলার নথি নিতে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেক্সে আবেদন করতে হয়। সেখানে আবেদন করতে ২০ টাকা ও ২ টাকা মূল্যমানের কোট ফি লাগাতে হয়। মামলার নথি ও অন্যান্য কাগজের ক্ষেত্রে একই আবেদনের উপর ছোট-বড় অনুযায়ী ৫ টাকা দামের সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ‘ফলিও’ লাগাতে হয়। জায়গার নকশা বা মৌজার ম্যাপ-এর জন্য ৫০০ টাকার ট্রেজারি চালান জমা দিতে হয়।
দলিল উদ্দিন বেপারীর অভিযোগ, নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কে আবেদন করলে সেবা প্রার্থীরা তিন কর্মদিবসের মধ্যে তাদের সই মহরী কাগজ সরবরাহ করার কথা রয়েছে। সেবা প্রার্থীরা সকল বিধিমালা অনুসরণ করে আবেদন করলেও তাদেরকে দিতে হয় নির্ধারিত ফির চেয়ে ১০ থেকে ১৫ গুণ অতিরিক্ত টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সরকারি বিধি মোতাবেক সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস খোলা রাখার নিয়ম থাকলেও রেকর্ড রুমে রাত ৯টা পর্যন্ত চলে লেনদেন।
রেকর্ড রুমের সামনে অবস্থান নেওয়া এক ব্যক্তি নিজেকে উত্তম কর্মকার পরিচয় দিয়ে বলেন, “আমার বড় ভাই চন্দন কর্মকার। তিনি তুলাসার স্কুলের মাস্টার ছিলেন। আমার বাড়ি আংগারিয়া। আমি সেটেল্টম্যান্ট অফিসে কাজ করি। রেকর্ড রুমে কাজ করে সুজাতা রানী দে। সে আমার মামাতো বোন হয়। আমি তার মাধ্যমে পর্চা তুলি। আমি পার্টির কাছ থেকে প্রতিটি পর্চা বাবদ ৫শ টাকা নেই। দিদিকে দেই চারশ টাকা। বাকি একশ টাকা আমি রাখি।”
সেবা নিতে আসা জাজিরা ইউনিয়নের দূর্বা ডাংগার চান মিয়া বলেন, “আমি শরীয়তপুর রেকর্ডরুমে গত ১০-১২ দিন ঘুরে দিদিকে ১২শ টাকা দিয়ে তিনটি পর্চা তুলেছি।”
গোসাইরহাটের আলাউলপুর ইউনিয়নের আব্দুস সোবহান মিয়া বলেন, “আমি শরীয়তপুর রেকর্ড রুমে জাগয়া জমির দুইটি পর্চা নিতে এসে এক হাজার টাকা দিয়েও কয়েকদিন ধরে ঘুরছি। কিন্তু এখনও কাগজ পাচ্ছি না।”
শরীয়তপুরের রেকর্ড রুমের রেকর্ড কিপার আবদুর রশিদ বলেন, “আমরা পর্চা বা অন্যান্য কাগজ তুলতে অতিরিক্ত টাকা নেই না।”
রেকর্ড রুমের অফিস সহকারী সুজাতা রানী দে বলেন, “আমি কোনো টাকা পয়সা নেই না। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, “রেকর্ড রুমের অনিয়মের বিষয়টি আমি জানি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার অফিসে দুর্নীতি করে কেউ পার পাবে না। আগামী মার্চ মাস থেকে পর্চা নিতে আর আমার অফিসে আসতে হবে না। যাদের পর্চা বা অন্যান্য কাগজ প্রয়োজন তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই তা তুলতে পারবেন।”
