সুন্দরবনের কাছে ক্ষমাপ্রার্থনা
মানুষের লোভে ‘মহাপ্রাণ’ সুন্দরবনের প্রাণ-বৈচিত্র্য যখন হুমকির মুখে, তখন সেই সুন্দরবনের কাছেই ক্ষমাপ্রার্থনা করেছেন জেলে-বাওয়ালী-মৌয়ালী-বনজীবী; যাদের জীবনই মূলত সুন্দরবনকেন্দ্রিক।
‘সুন্দরবন দিবস’ উপলক্ষে সোমবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকায় ব্যতিক্রমধর্মী গণক্ষমা প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রায় দুই দশক ধরে উদযাপিত হওয়া দিবসটির আয়োজনে ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ ও ঢাংমারী ডলফিন সংরক্ষণ দল।
গণক্ষমা প্রার্থনা সমাবেশে বাপা বাগেরহাট জেলার আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ বলেন, মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। ‘মহাপ্রাণ’ সুন্দরবনকে বাঁচাতে ও টেকসই উন্নয়নের স্বার্থে বনবিনাশী কর্মকাণ্ড থেকে মানুষ ও সরকারকে সরে আসতে হবে।
অন্য বক্তারা বলেন, সুন্দরবন মায়ের মতো বিপদ-আপদে বাংলাদেশকে আগলে রাখে। অথচ মানুষ সুন্দরবনের ওপর অত্যাচার চালাচ্ছে। তাই সুন্দরবনের কাছে ক্ষমা চাইতে এই কর্মসূচি।
‘জীবাশ্ম জ্বালানি বন্ধ কর’, ‘সুন্দরবনের বাঘ-হরিণ হত্যা বন্ধ কর’, ‘পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ কর’, ‘বিষ দিয়ে মৎস্য নিধন বন্ধ কর’; ইত্যাদি নানা স্লোগান সংবলিত ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে নিয়ে বনজীবীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নূর আলম শেখের সঞ্চলনায় বক্তব্য দেন বাদাবন সংঘের মোংলা এরিয়া ম্যানেজার অজিফা বেগম, বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, নদীকর্মী হাসিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের স্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস, তরুন মণ্ডল।
