ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কৃষি কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার সকালে আলাদাউদপুর এলাকায় তার মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত এ. কে. এম. আশরাফ শান্ত (২৭) বিজয়নগর উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
শান্তর সহকর্মী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, শান্ত সাড়ে চার মাস আগে চাকরিতে যোগদান করেন। ১৫ দিন আগে তিনি নতুন মোটরসাইকেল কিনেন।
“রোববার সকালে অফিসে আসার পথে আলাদাউদপুর এলাকায় তার মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। প্রথমে শান্তকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।”
সেকানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান শান্ত।
