গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার নির্মানাধীণ ভবনের ছাদ ধসে পড়ে অন্তত আট শ্রমিক আহত হয়েছেন।
উপজেলার বোর্ডঘর এলাকায় রোববার বিকালে এই ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই মো. হাফিজুর রহমান জানান।
আহতদের স্থানীয় ক্লিনিক ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান জানান, কালিয়াকৈরের সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় ‘স্কানডিস্ক টেক্সটাইল লিমিটেড’ নামের পোশাক কারখানার একটি নতুন ভবন নির্মাণ কাজ চলছে।
“রোববার সকালে ভবনের তৃতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয়। বিকাল সোয়া ৪টার দিকে ঢালাই করা ছাদ ধসে পড়ে। এ সময় নিচে পড়ে অন্তত আট জন আহত হন।”
পরে আশপাশের লোকজন এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কালিয়াকৈর থানার এসআই মো. হাফিজুর রহমান জানান, ২২ জন নির্মাণ শ্রমিক ওই ভবনে কাজ করছিলেন। রোববার সকাল থেকে ওই কারখানা ভবনের তৃতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। বিকালে ছাদ ধসে পড়লে লাফিয়ে পড়ে আট জনের মতো আহত হয়।
পরে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ চালান।
আহতদের মধ্যে পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলেন এসআই হাফিজ জানান।
কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “নিম্নমানের কাজ করা হচ্ছিল এবং তৃতীয় তলার ছাদ ঢালাই হলেও ভবনের উচ্চতা ছিল চার তলার সমান। সেখানে কম সংখ্যক খুঁটি ও রড ব্যবহার করায় ছাদ ধ্বসে পড়েছে।”
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করছিল কি-না তা পরীক্ষা করা ছাড়া বলা সম্ভব নয়। তবে তাদের কাজে গাফলতি ছিল, এটার কিছু লক্ষণ পাওয়া গেছে।”
