২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের সুগন্ধি লিলিয়াম চাষ হচ্ছে গদখালিতে

নেদারল্যান্ডসের সুগন্ধি লিলিয়াম ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে যশোরের ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 11:26 AM

Updated : 25 Oct 2022, 10:14 AM

পরীক্ষামূলকভাবে শুরু হলেও এরই মধ্যে নেটের শেডের ভেতর ফুটেছে বিভিন্ন প্রজাতির নানা রঙের মনকাড়া শতশত লিলিয়াম।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক গবেষণার পর এরই মধ্যে এই ফুলের দুটি জাত অবমুক্ত করেছেন। দেশ বিদেশে ব্যাপক চাহিদা থাকায় এই ফুলের রয়েছে বাণিজ্যিক চাষাবাদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

গদখালির ফুলচাষি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম ২০০৮ সালে ১০ কাঠা জমিতে প্রথম লিলিয়ামের চাষ শুরু করলেও তখন সফল হতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাংলাদেশে প্রথম আমার হাত দিয়েই লিলিয়াম ফুলের চাষ শুরু হয়। ২০০৮ সালে ভারত থেকে লিলিয়ামের বীজ সংগ্রহ করি। ভারতের কৃষি বিভাগ নেদারল্যান্ডস থেকে লিলিয়ামের বীজগুলো এনেছিল। তবে বীজ সংরক্ষণের পদ্ধতি জানা না থাকায় এই ফুলের চাষ করা সম্ভব হয়নি।”

বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র ও কৃষি গবেষণা ফাউন্ডেশন গবেষণা করে এই ফুলের বীজ সংরক্ষণের উপায় বের করেছে জানিয়ে তিনি বলেন, “এর ফলে আগামীতে গদখালির মাঠে এই ফুলটির ব্যাপক চাষ হবে বলে আশা করি।”

ঝিকরগাছার উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, লিলিয়াম ফুলের আদি নিবাস নেদারল্যান্ডসে। সাদা, গোলাপি, হালকা গোলাপী কমলা, হলুদ ও লালসহ আট রঙের হয়ে থাকে। এই ফুল শীত প্রধান দেশে হয়ে থাকে। পাশের দেশ ভারতে হাতেগোনা কয়েকটি জেলাতে এই ফুলের চাষ শুরু হয়েছে।

বিদেশী জাতের এই ফুল লিলিয়ামের বীজ সংগ্রহের দুষ্প্রাপ্যতা এবং গরম আবহাওয়ার কারণে এই ফুলের চাষ সম্প্রাসরণ তেমনটা হয়নি বলে জানান তিনি।

২০০৮ সালের পর পানিসারা গ্রামের আজিজুর রহমান, সোনিয়া পারভীন ও সাজেদা বেগম ২০১৭ সালে পরীক্ষামূলক ভাবে লিলিয়াম ফুলের চাষ শুরু করেন।

ঝিকরগাছার পানিসারা গ্রামে ২ শতক জমিতে ফুল চাষি আজিজুর রহমান লিলিয়ামের চাষ শুরু করেছেন। তার দাবি, বাংলাদেশে প্রথমবারের মত লিলিয়াম ফুল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।

আজিজুর বলেন, “বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ পরীক্ষামূলকভাবে চাষের জন্য ৮৪টি লিলিয়াম ফুলের বাল্ব (কন্দ) আমাকে দেয়। কিন্তু ওই সময় তা সংরক্ষণ করতে পারিনি। পরে কৃষি গবেষণা কেন্দ্র আমাকে ৪০০ কন্দ দেয় এর থেকে আমি এবার বাণিজ্যিক চাষ শুরু করেছি।

“এই ফুলকে অনেকে 'লিলি' বলে ডাকে। পৃথিবীতে অনেক ফুলই লিলির মতো দেখতে। কিন্তু তাদের মধ্যে লিলির মতো বৈশিষ্ট্য নেই।”

চাষি আজিজুর বলেন, “আমি অনেকটা ঝুঁকি নিয়েই এই ফুলের চাষ শুরু করেছি। আবহাওয়া ভালো থাকলে প্রথমবারেই আশানরুপ লাভ হবে। ভালবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে লিলিয়াম ফুলের স্টিক বিক্রি করতে পারব বলে আশা করছি।”

ভিনদেশী এই ফুল বাংলাদেশে প্রথম চাষ হওয়ায় ফুল প্রেমিদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন ফুলক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন বলে জানান তিনি।

ফুলচাষি সাজেদা বেগম বলেন, “কৃষি গবেষণা কেন্দ্র থেকে দেওয়া বাল্ব ব্যবহার করে একটি প্রদর্শনী প্লট তৈরি করেছি। এটা খুব দামি ফুল; বাজারে চাহিদাও ব্যাপক। এতে আমরা খুব লাভবান হবো বলে মনে করছি। “

বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গবেষক ড.ফারজানা সিনথান জানান, বর্ণ, বৈচিত্র্য ও দীর্ঘস্থায়িত্বের জন্য কার্ট ফ্লাওয়ার হিসেবে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে লিলিয়াম ফুল। বাংলাদেশেও এর প্রচুর চাহিদা রয়েছে। আমদানি করা প্রতিটি ফুল আমাদের দেশে তিন'শ থেকে সাড়ে তিন'শ টাকায় বিক্রি হয়।

তিনি বলেন, “দেশ বিদেশে এই ফুলের চাহিদার কথা মাথায় রেখে ২০১৫ সাল থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা বিভাগের একদল গবেষক লিলিয়াম ফুলের ওপর গবেষণা শুরু করেন।

২০১৭ সালে এসে তারা সফলতা অর্জন করেন। এরই মধ্যে দলটি এ পর্যন্ত এশিয়াটিক জাতের ৩০টি জার্মপ্লাজম সংগ্রহ করে গবেষণার মাধ্যমে দেশের আবহাওয়া উপযোগী দুটি জাত অবমুক্ত করেছেন।"

লিলিয়াম ফুল চাষি সোনিয়া পারভীন বলেন, “কৃষি গবেষণা কেন্দ্র আমাকে বীজ দেওয়ার পর ডিসেম্বরে প্রথম ও দ্বিতীয় সপ্তায় তা রোপন করি। রোপনের প্রায় দুই মাস পর ফুল আসা শুরু করেছে। জমির ছাউনিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের নেট। বাগানে ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। এটি লাভজনক চাষ।“

লিলিয়ামের একটি স্টিক ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা যায় বলে জানান তিনি।

অনলাইন ফুল ব্যবসায়ী আলামিন বলেন, গদখালিতে সাদা, গোলাপি, হালকা গোলাপী রঙের লিলিয়াম ফুটেছে। প্রতিটি গাছে ৩ থেকে ৫টি ফুল হয়। আর এই প্রতিটি গাছকেই একটি স্টিক বলা হয়। গাছে কুঁড়ি থেকে ফুল ফোটার আগেই সংগ্রহ করা হয়। এরপর বাজারে সরবরাহ করা হয়। বাজারে নেওয়ার পর ফুল ফোটে।

জমি থেকে তোলার পর একটি ফুল ২০ থেকে ২৫ দিন পর্যন্ত তাজা থাকে এবং ঘরে সুগন্ধ ছড়ায় বলে জানান ৩৫ বছরের এ তরুণ উদ্যোক্তা।