ঘোড়ার গাড়িই ভরসা তিস্তার চরে
শুষ্ক মৌসুমে তিস্তার চরাঞ্চলে মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনের ভরসার স্থান করে নিয়েছে ঘোড়ার গাড়ি।
বর্ষায় নৌকায় চলাচল করলেও শুষ্ক মৌসুমে চলে ঘোড়ার গাড়ি। এ সময় তিস্তায় পানি কমে আসে। নদীর বিশাল এলাকাজুড়ে দেখা দেয় ধু ধু বালুচর।
এক সময় চরাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোকে যাতায়াত ও কৃষি পণ্যসহ প্রয়োজনীয় মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হতো। শুষ্ক মৌসুমে কেউ অসুস্থ হলেও হেঁটে হাসপাতালে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।
রংপুর সদরের লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরে যেখানে অন্য যানবাহন চলতে পারে না, সেখানে ঘোড়ার গাড়িই ভরসা। চরের কৃষকেরা অল্প খরচে তাদের পণ্য পরিবহন করতে পারছেন।
ছালাপাক গ্রামের আমিনুর মিয়া চরে ২ একর জমিতে আলু চাষ করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে চরাঞ্চলের উৎপাদিত ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে ঘোড়ায় টানা গাড়ি ব্যবহৃত হচ্ছে। এসব গাড়িতে লাগানো আছে টায়ারের চাকা। এই গাড়িগুলো পণ্য সামগ্রী নিয়ে অনায়াসে চরের বালুর ওপর দিয়ে চলতে পারে। প্রতিটি গাড়িতে ১৫ থেকে ২০ মণ কৃষিপণ্য পরিবহন করা যায়। চরাঞ্চলের মানুষ এই গাড়িতেই বালু পেরিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করছেন।
ঘোরার গাড়িচালক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরাঞ্চলে পরিবহনের কাজে ব্যবহৃত ঘোড়া মালামাল টানায় যথেষ্ট পারদর্শী। এগুলো স্বচ্ছন্দে বালুতে হাঁটতে পারে। এসব ঘোড়ার দামও বেশি নয়। মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকায় একটি ঘোড়া পাওয়া যায়।
আরেক চালক কাশেম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গড়ে প্রতিদিন একটি গাড়ি থেকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় হয়। বর্তমানে চরাঞ্চলে আবাদকৃত ধানসহ অন্যান্য ফসল পরিবহন হচ্ছে বেশি। এতে আয়ও বেশ ভালো হচ্ছে। তবে বর্ষাকালে নৌকা চলে বলে তাদের আয় কমে যায়।
