দিনাজপুরে ২ বাইকের সংঘর্ষে প্রাণ গেল তরুণের
দিনাজপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের ভটভটির চাপায় এক আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
সদর উপজেলার গোপালগঞ্জ বাজার সড়কে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তারা হতাহত হন বলে জানান কোতোয়ালি থানার এসআই অমল চন্দ্র রায়।
নিহত দয়াল রায় (২২) সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নন্দইড় গ্রামের দুখু রায়ের ছেলে।
আহত প্রসেনজিৎ রায় একই এলাকার শান্তি রায়ের ছেলে।
এসআই অমল প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, দুইজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তারা ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ভটভটি দয়ালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত প্রসেনজিৎকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এসআই অমল।
পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা করা হয়েছে বলে তিনি জানান।
