২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত

‘সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, নেতৃত্বদানে অযোগ্যতা ও অদক্ষতার’ অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 06:33 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার দুপুরে যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলুপ্ত কমিটির সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৯ সালের ১৫ জুন জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। ওই সন্মেলনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারিত হয়েছিল। কয়েক মাস আগে প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু তা এখনও পাশ হয়নি। এর মধ্যেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।”

এদিকে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে একই দিনে শুধুমাত্র আহ্বায়ক ও যুগ্ম-আহবায়ক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়ে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পদ প্রত্যাশীদের আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সন্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বক্তব্য দেওয়ার পর দলের একাংশের নেতাকর্মী হইচই ও হট্টগোল শুরু করেন। এ সময় মঞ্চে থাকা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার তিন দিন পর বুধবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। 

এর আগে গত ৭ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাজু সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস)।