কোভিড: ফরিদপুরে আরও তিনজনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে; আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৯ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়েছে বলে বুধবার সকালে জানান জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান।
গত কয়েকদিন ধরে কোভিড রোগীর শনাক্তের হার বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে ২৮৯ জনকে। এর মধ্যে শনাক্ত হয়েছে ১১৯ জন, শনাক্তের হার ৪১.১৭ শতাংশ।
“এ পর্যন্ত জেলায় মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭ জন। সুস্থ হয়েছে ২২ হাজার ৫১৩ জন। আর প্রাণহানি হয়েছে ৫৪৩ জনের।”
সিভিল সার্জন আরও জানান, বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছে ৪৬২ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছে ২৮ জন।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আগের মতো মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, এ ছাড়া হোটেলগুলোতে অধিক সংখ্যক জনসমাগম নিরুৎসাহ করা হচ্ছে। নির্দেশনা মানা না হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
