ফেনীতে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী উপজেলার এক যুবদল নেতাকে নিজের আট বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলা থেকে ৪৫ বছর বয়স ইমাম হোসেন মিসকিনকে গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন।
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের বাসিন্দা ইমাম উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ১৫টি মামলা রয়েছে। একটি মামলায় সাত মাস কারাগারে থেকে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।
মেয়েকে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানায় ইমামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন ইমামের স্ত্রী।
মামলায় ইমাম ছাড়াও চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
বুধবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার পরপরই ইমামকে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।”
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মাহবুবুল আলম সরকার এজাহারের বরাত দিয়ে বলেন, শিশুটি নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৭ জানুয়ারি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ইমাম নিজের মেয়েকে ‘ধর্ষণ করেন’ বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
“বিষয়টি টের পেয়ে শিশুটির মা পরদিন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের কাছে মৌখিক অভিযোগ দেন। কিন্তু সময়ক্ষেপণ করে সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে মামলা করেন বাদী।”
এসআই মাহবুব বলেন, ঘটনার পর ফেনী জেনারেল হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা হয়। ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ায় ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ২২ ধারায় শিশুটির জবানবন্দি গ্রহণ করেন।
