সিরাজগঞ্জে শিক্ষক হত্যায় যুবকের যাবজ্জীবন
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদ্রাসা শিক্ষককে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন, জানিয়েছেন এই আদালতে পিপি আব্দুর রহমান।
দণ্ডিত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেশুয়াপাড়ার প্রয়াত বাহাদুর সরদারের ছেলে।
যাবজ্জীবন দণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলার চন্দনগাতি গয়হাট্রা আলীম মাদ্রাসার আরবী শিক্ষক নজরুল ইসলাম নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়া পারাপারের মাধ্যমে মাদ্রাসায় যাতায়াত করতেন।
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে একদিন খেয়া পারাপারের সময় আসামি রুহুল কুদ্দুসের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে ২০১৪ সালের ৫ এপ্রিল তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নজরুল ইসলামকে হত্যা করেন।
পিপি আব্দুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করে এবং রুহুল আদালতে স্বীকারোক্তি দেন।
এই মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে পিপি জানান।
