সুবর্ণচরে তিন বাহনের সংঘর্ষে ২ প্রাণহানি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে দক্ষিণ ওয়াপদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের জসিম উদ্দিন (৬০) ও চরজব্বর উপজেলার চর আমান উল্যাহপুর গ্রামের কিরণ চন্দ্র দাসের ছেলে জুয়েল চন্দ্র দাস (২৮)।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, দুপুর আড়াইটার দিকে আল আমিন বাজারের সংযোগ সড়ক থেকে একটি মোটরসাইকেল হঠাৎ সোনাপুর-চেয়ারম্যান ঘাটের সড়কে উঠে পড়ে। এ সময় চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরগামী একটি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মাঝখানে পড়ে যায় মোটরসাইকেলটি। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়; চারজন আহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জুয়েল চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
