২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 11:15 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

সোমবার সন্ধ্যায় উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুডাঙায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্ৰামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৮) ও গোডাউনপাড়ার নুরুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (১৯)।

আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক রাকিবুল হাসান রাকিব (১৭)। রাকিব পত্নীতলার হাট শাউলি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতক্ষ্যদশীর বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি শামছুল আলম শাহ্ জানান, পত্নীতলায় কাজ শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন বন্ধু রেজুয়ান, ফরহাদ ও রাকিব মোটরসাইকেলযোগে সাপাহার যাচ্ছিলেন।

“পথে পত্নীতলা-সাপাহার সড়কে পত্নীতলার বালুডাঙায় এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে সড়কের পাশে পড়ে যায়।”

ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজুয়ান ও ফরহাদকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি শামছুল আরও জানান, মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।