২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: দিনাজপুরে ৪৮ ঘণ্টায় ২ মৃত্যু, টিকা নেননি কেউ

দিনাজপুরে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে; যাদের কেউ কোভিড টিকা নেননি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 02:10 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

সোমবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. বোরহান উল সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

মৃতদের বয়স ছিল ৬৫ বছর; তারা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন বলেন, “রোববার কোভিড শনাক্তের হার ছিল প্রায় ৩৪ শতাংশ। এর আগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬২ জন। জানুয়ারির তুলনায় চলতি মাসে কোভিড সংক্রমণের হার কিছুটা কমলেও গত এক সপ্তাহে কোভিডে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

“এ সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুইজন। এছাড়া গত মাসে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ৫২ শতাংশের মধ্যে থাকলেও চলতি মাসে কিছুটা কমেছে।”

বর্তমানে জেলায় এক হাজার ৫০ জন কোভিড আক্রান্ত। এর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছে ৪২ জন। এর মধ্যে ১৬ জন আক্রান্ত ও ২৬ জনের উপসর্গ রয়েছে বলে জানান তিনি।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের উঁচ্চ ঝুঁকির তালিকায় থাকলেও দিনাজপুরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন।

তিনি বলেন, “করোনা প্রতিরোধে ‘নো মাস্ক নো সার্ভিসসহ’ স্বাস্থ্য বিভাগের ১১ দফা নির্দেশনা মানা হচ্ছেনা। হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে লোকজন শারীরিক দূরত্ব বজায় রাখছে না। অনেকেই চলাফেরা করছেন মাস্ক ছাড়া।

মানুষ নিজে থেকে সচেতন না হলে সংক্রমণ আরও বাড়বে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, “ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ দ্রুত ছাড়ায় করতে পারে। সংক্রমণ বেড়ে গেলে মুত্যুও বাড়বে।”