২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে স্থগিত জয়পুরহাটের আওলাই ইউপির ভোট

এক প্রার্থীর করা রিট মামলায় শেষ মুহূর্তে আটকে গেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 11:14 AM

Updated : 02 Aug 2022, 02:51 PM

দেশের আরও ১৩৭ ইউনিয়ন পরিষদের সঙ্গে আওলাই ইউপিতেও সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা ছিল। কিন্তু তার আগেই রোববার রাতে ইসি সচিবালয়ের এক প্রজ্ঞাপনে ভোট স্থগিতের খবর আসে।

সেখানে বলা হয়, একটি রিট মামলার প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি হাই কোর্টের দেওয়া এক আদেশের প্রেক্ষিতে আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা করছে কমিশন।

পাঁচবিবি উপজেলার নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “আমাদের সব প্রস্তুতি নেওয়া ছিল। নির্বাচনী উপকরণও কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু রাতে ইসি সচিবালয়ের প্রজ্ঞাপন আমাদের হাতে আসে। আওলাই ইউপির নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে সেখানে।”

এই ইউপিতে চেয়ারেম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হয়েছেন এস এম ইব্রাহিম হোসেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী একরামুল হক চৌধুরী তাওহীদ, যিনি নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তার করা মামলাতেই ভোট আটকে গেছে।

ইব্রাহিম হোসেন বলেন, “আমি জয়পুরহাট জেলা পরিষদের সদস্য হওয়ার পর ঋণ খেলাপির কারণে সদস্য পদ বাতিল হয়। পরে আবারো বহাল করা হলেও আমি ওই পদে আর যোগ দিইনি। আওলাই ইউনিয়ন নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। বিদ্রোহী প্রার্থী তাওহিদ এ নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেখানে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে একরামুল হক চৌধুরী তাওহীদ বলেন, “আমি রিট করেছিলাম। আদালত ভোট স্থগিত করেছে।”

আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও সোমবার একই উপজেলার কুসুম্বা ইউনিয়নে ভোট চলছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান।