২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোটের আগের রাতে প্রার্থীর মৃত্যু, দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ভোটের আগের রাতে মারা গেছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 03:09 AM

Updated : 25 Oct 2022, 10:13 AM

সপ্তম ধাপে সোমবার সকাল ৮টায় সেখানে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

রোববার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে মো. নুরুজ্জামান ভূঁইয়া ওরফে মুকুল মারা যান বলে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান।

ওই প্রার্থীর মৃত্যুতে ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। 

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া ওরফে মুকুল ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে এবং  ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

এদিকে, ওই প্রার্থীর মৃত্যু নিয়ে তার পরিবার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নৌকার প্রার্থীর ভাই কামরুল ইসলামের দাবি, রোববার সন্ধ্যায় ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্রাহী (স্বতন্ত্র) প্রার্থী মোটসাইকেল প্রতীকের জালাল উদ্দিন ও তার লোকজন একত্রিত হয়। এ সময় জালালের ভাগিনা পাশের চান্দিনা উপজেলার বাসিন্দা আবদুল কাইয়ুমকে সেখানে দেখে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

“এক পর্যায়ে কাইয়ুম তার ভাই মুকুলের বুকে লাথি মারলে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা নগরীর নোয়াগাঁও এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।”

তবে এই অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন বলেন, দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে, এটা সত্য। তবে লাথি মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

“তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন তারা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

পুলিশ তার ভাগিনা কাইয়ুমকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি।

ওসি আরিফুর রহমান বলেন, রোববার রাতে হঠাৎ অসুস্থ হলে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুলকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তিনি।

নৌকার টিকেট পেলেন যারা  

“তবে কীভাবে ওই প্রার্থীর মৃত্যু হয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আর নোয়াগাঁও এলাকা থেকে কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

রোববার রাত ১১টার দিকে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সোমবার সকাল ৮টায় ওই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এরইমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। রোববার বিকালের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

“কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে নৌকা প্রতীকের প্রার্থী মো.নুরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাই।”

তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর মৃত্যুতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

“আর সেখানে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণের সিদ্ধান্ত আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানাবে।”

কমিশনের নির্দেশনা পেলে সোমবার সকাল ৮টা থেকে ওই দু’টি পদে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।