২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পৌন ৩ লাখ ইয়াবাসহ ‘মাদক কারকারি’ আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই লাখ ৭৪ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে মাদক কারকারি বলছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 01:52 AM

Updated : 02 Aug 2022, 02:51 PM

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, রোববার বিকাল সাড়ে ৫টায় নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদে এ অভিযান চালানো হয়।

আটক মো. হাসান আলী (৪৮) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদের চাঁদ মিয়ার ছেলে।

রফিকুল বলেন, বিকালে আউলিয়াবাদ এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে জেলা গোয়েন্দা [ডিবি] পুলিশের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক একটি বাড়ি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। তখন ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

“পরে বাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ৭৪ হাজার ইয়াবা পাওয়া যায়।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার মাদকের চালানের সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঈদগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান রফিকুল ইসলাম।