২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষাঘাতগ্রস্তদের জন্য সিআরপিকে জমি দিলেন মেয়র লিটন

সাভারের সিআরপির মতো রাজশাহীতেও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র গড়তে জমি দিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 01:37 AM

Updated : 02 Aug 2022, 02:51 PM

রোববার দুপুরে রাজশাহী নগর ভবনে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের হাতে জমির কাগজ তুলে দেন মেয়র লিটন।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে প্রতি বছর পাঁচ হাজার মানুষ ‘স্ট্রোকের’ [মস্তিষ্কে রক্তক্ষরণ] চিকিৎসা ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার চিকিৎসা পাবেন। এছাড়া ‘স্পাইনাল কর্ড ইনজুরি’, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি, ‘ফিজিওথেরাপিস্ট’, ‘অকুপেশনাল থেরাপিস্ট’, ‘স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট’ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষা নিতে পারবেন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, “দীর্ঘ ১৫ বছর আগ থেকে আমি ও আমার স্ত্রী শাহীন আকতার রেনী – আমরা দুজনে পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছি। এ সংক্রান্ত কয়েকটি সংগঠনের সাথে জড়িত থেকেও কাজ করেছি। তখন থেকে মনে হতো, তাদের জন্য স্থায়ীভাবে যদি কিছু করতে পারতাম।”

সেই চিন্তা থেকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে ১৫ বিঘা জমিটি সিআরপিকে প্রদান করেছেন বলে জানান তিনি।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আমার আনন্দ প্রকাশের ভাষা নেই। শহরের মধ্যে সড়কের পাশে অনেক গুরুত্বপূর্ণ ১৫ বিঘার একটি জমি পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে সিআরপিকে দান করলেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার পরিবার।

“আমরা রাজশাহীতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি-এর আদলে আরেকটি পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলব। সেখানে প্রতি বছর এ অঞ্চলের হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা পাবেন।”

অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক মো. সোহরাবসহ অন্যরাও উপস্থিত ছিলেন।