ফেনীতে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ যুবক
ফেনীর ফুলগাজী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন।
রোববার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের হাসানপুরে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন জানিয়েছেন।
নিহতরা হলেন ফয়সাল নাদিম (২০) ও আদনান হোসেন অন্তর (১৯)।
আহত আশিকুর রহমান (১৯) ও আরমান সজীবকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরশুরামের মালিপাথর গ্রামে যাচ্ছিলেন ফয়সাল নাদিম। তার মোটরসাইকেলটি ফুলগাজীর হাসানপুরে পৌঁছলে বিপরীতমুখী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
ওসি জানান, এ সময় মোটরসাইকেল চালক নাদিম, তার দুই বন্ধু আশিকুর রহমান ও আরমান সজীব এবং অপর মোটরসাইকেল চালক আদনান হোসেন অন্তর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“পথে ফয়সাল নাদিম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদনান হোসেন অন্তরের মৃত্যু হয়।”
অপর দুই মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আশিক ও সজীবের বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকায়।
দুজনের মরদেহ ফেনী জেনারেল হাসপতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত ফয়সাল নাদিম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী নাজিম উদ্দিন ভূঁইয়া বাড়ির পেয়ার আহমদের ছেলে ও আদনান হোসেন অন্তর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আবু ইউসুফ চান্দুর ছেলে।
