২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র না করলে দেশের আরও উন্নতি হতো: তথ্যমন্ত্রী

বিএনপি ও জামায়াতে ইসলামী ষড়যন্ত্র না করলে দেশের আরও উন্নতি হতো বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 07:02 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

রোববার তিনি সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, দেশের এই উন্নয়ন ও অগ্রগতি আরো অনেক বেশি হতে পারত, যদি বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে বিদেশে ষড়যন্ত্র না করত।

“তারা বিদেশে যড়যন্ত্র করেছে – সেটি প্রকাশ পাওয়ার পর এখন চুপ হয়ে গেছে।”

দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় এই যুগ্ন সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়, অথচ খালেদা জিয়া দেশেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। এতে বিএনপির নেতাকর্মীদের এখন মন খারাপ। তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই এখন তারা আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা পিঠ বাচাঁনোর জন্য দল করে, সম্পদ রক্ষার জন্য দল করে, শুধুমাত্র নেতা হওয়ার জন্য দল করে, বিরোধীদল করেনি, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন ভোগ করেনি, শুধু টাকার জোরে নেতা হতে চায়, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে।

“ভুলেও তাদের নেতৃত্বে আনা যাবে না। যারা দুঃসময়ে দলের পাশে ছিল, আগামীতেও থাকবে শুধু তাদেরই নেতৃত্বে আনতে হবে।” 

পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-১ এর সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ এর সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ এরর সাংসদ আব্দুল আজিজ সরকার, সিরাজগঞ্জ-৬ এর সাংসদ মেরিনা জাহান কবিতাসহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।