২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে ফসলের ক্ষতি

মাঘ মাসে শীতের প্রকোপের মধ্যে অসময়ের যে বৃষ্টি ঝড়েছে; তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জযপুরাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 11:02 AM

Updated : 25 Oct 2022, 10:13 AM

শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টিতে জেলার সদ্য রোপা অধিকাংশ বোরো ধানক্ষেত তলিয়ে গেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.শফিকুল ইসলাম জানান।

শনিবার সরেজমিনে দেখা গেছে, উত্তরাঞ্চলের তীব্র শীতের মধ্যে আগের মাঝ রাত থেকে জয়পুরহাটে ভারী বৃষ্টির পর স্থবির হয়ে পড়েছে জনজীবন। দেখে বোঝার উপায় নেই এটা শীতকাল না বর্ষাকাল। জেলার নিচু এলাকাগুলোতে বৃষ্টির পানি জমে গেছে। সদ্য রোপা বেশ কিছু বোরো ধানক্ষেতও পানিতে তলিয়ে আছে। কাঁচা সরিষার ক্ষেতও নুয়ে পড়েছে মাটিতে।

এদিকে টানা বৃষ্টিতে আলু নষ্ট হওয়ার আশঙ্কায় কাদা-পানি উপেক্ষা করে কৃষকদের ক্ষেত থেকে আলু সংগ্রহ করতে দেখা গেছে।

জয়পুরহাট সদর উপজেলার পাকুরতলী গ্রামের চাষি এন্তাজ আলী বলেন, “আমরা গরীব মানুষ। গত বছর সরিষা আবাদ করে এ্যনা নাভ হচিল (সামান্য লাভ হয়েছিল)। তাই এবারে ধার কর্জ করে ৫৫ শতক জমিত সরিষা বুনিছিনো। সরিষাও ভালো হছিল। এই মদ্দে বৃষ্টিতে সব এ্যাক্কেবারে শ্যাষ।”

একই এলাকার অগভীর নলকূপ মালিক ও ক্ষুদ্র চাষি সাজু মিয়া বলেন, “ঘুমালাম শীতকালে, উঠে দেখি বর্ষাকাল। এই শুষ্ক মৌষুমে এই এলাকার ৫০/৬০ বিঘা জমিতে পানি সেচ দিয়ে আর সামান্য কিছু জমি চাষ করে কোন রকমে দিন যাপন করছিলাম। যে বৃষ্টি হয়েছে, তাতে আগামী ২ মাসে আর কোন জমিতে পানি সেচ দিতে হবে না।”

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের কাওসার আলী, শালট্টী গ্রামের আলী মোহাম্মদ, কুসুম্বা গ্রামের সাকাওয়াত, আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামের মোযাফফর হোসেন, রায়কালী গ্রামের আজিজুল হকসহ জেলার অধিকাংশ কৃষক জানালেন, শীতকালে এমন বৃষ্টি তারা এর আগে কখনো দেখেননি।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, আলু চাষাবাদে ঊর্বর জয়পুরহাটে এবার ৪০ হাজার ২৮০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এ অবস্থায় হিমাগারে সংরক্ষণ করার উদ্দেশ্যে জেলার প্রায় ২৫ হাজার হেক্টর জমির আলুক্ষেত পরিচর্যা করছিলেন কৃষকরা। আগামী ১৫ থেকে ২০ দিন পর এই আলু কৃষকদের ঘরে ওঠানোর কথা থাকলেও হঠাৎ দুদিনের বৃষ্টিতে ডুবে গেছে সব।

জেলার কালাই উপজেলার ইটাইল গ্রামের জাহিদুল ইসলাম বলেন, এখনও আলু ঘরে তুলতে ২০/২৫ দিন সময় লাগবে। এই আলু পোক্ত হলে হিমাগারে রাখা হয়। এ ছাড়া সারা বছর খাওয়াও যায়। কিন্তু আকস্মিক ভারী বৃষ্টিপাতে আলু ক্ষেতগুলোতে পানি ঢুকে পরেছে। এই পানি সেচ দিয়েও সরানো যাচ্ছে না।  তাই তরিঘড়ি করে যতটুকু সম্ভব তারা কাদা-পানি থেকে আলু তুলছেন তারা।

তবে এসব আলু সংরক্ষণ করা সম্ভব যাবে না বলে দ্রুতই বাজারে নিতে হবে বলে জানালেন এ কৃষক।

মাত্রাই গ্রামের শহিদুল ইসলাম বলেন, “এখন বাজারেও আলুর বাড়তি চাপ রয়েছে। চাহিদা কম থাকায় দামও কম। প্রতি মন সাদা গ্র্যানোলা জাতের আলু এখন মন প্রতি ১৬০/ ১৮০ টাকায় এবং অ্যারোস্টিক ও লাল পাকরী আলু প্রতি মন সর্বোচ্চ ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।”

বৃষ্টির কারণে ক্ষেতে আলু নষ্ট হওয়ার পাশাপাশি বীজের জন্য বিশেষ ভাবে চাষাবাদ করা বীজ আলুক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষেতলাল উপজেলার মুন্ঝার গ্রামের কাওসার হোসেন জানান।

পাঁচবিবি উপজেলার শালট্টী বাজারের আলু বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান মোস্তাকিম এগ্রো-সার্ভিসের স্বত্ত্বাধিকারী জাকারিয়া হোসেন বলেন, “আমি ৭০ বিঘা জমিতে বিশেষ পদ্ধতিতে আলু বীজ উৎপাদন করছি। প্রতি বিঘা জমিতে বীজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। এতে আমার মোট খরচ হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। বৃষ্টি না হলে ৩০ লাখ টাকার আলু বীজ বিক্রি করতে পারতাম। কিন্তু যে লোকসান হল, তা আমি কি দিয়ে পোষাব?”

আগামী মৌসুমে বীজ সঙ্কটের কারণে যাতে আলু চাষ যাতে ব্যহত না হয়, সেজন্য কৃষি বিভাগের প্রযক্তিগত সহায়তার পাশাপাশি সরকারি পৃষ্টপোষকতা চেয়েছেন আলু বীজ উৎপাদনকারীরা।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শফিকুল বলছেন, প্রকৃতির এমন বৈরী আচরণে দিশেহারা না হয়ে ধৈর্য্য ধরে ক্ষেতের পানি নিষ্কাশন, দ্রুত আলু উত্তোলন করে ধুয়ে ঘরে শুখানোর ব্যবস্থা করতে কৃষদের পরামর্শ দেওয়া হচ্ছে।  তাছাড়া এ সপ্তাহের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে অন্যান্য ফসলগুলোর অবস্থাও স্বাভাবিক হবে আসবে।