২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ

যশোর যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জে ‘২৫ নেতাকর্মী’ আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 12:25 AM

Updated : 28 Apr 2022, 11:36 PM

যশোর জেলা বিএনপির কার্যালয়ে ‘সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে’ শনিবার সকালে এই সমাবেশ ডাকা হয়।

তবে যুবদলের নেতাকর্মীরা আগে পুলিশের ওপর হামলা করেছে বলে পুলিশের দাবি।

যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, “সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ছিলেন। সমাবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে লাঠিচার্জ করে।

“এতে অন্তত ২৫ জন আহত হন।”

আহতদের ১০ জন যশোর সদর হাসপাতালে আর ১৫ জন স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “শান্তিপূর্ণ সমাবেশে গোয়েন্দা পুলিশের একটি দল এসে বেপরোয়া লাঠিচার্জ করে। এতে আমাদের কমপক্ষে ২৫ জন কমবেশি আহত হয়েছেন। এ ঘটনা লজ্জার। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে আর এমন কোনো ঘটনা দেখতে চাই না।”

এ বিষয়ে পুলিশ কৈফিয়ত দিয়েছে।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, “অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। মানা করা হলেও তারা আমাদের ওপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে।”