রূপপুর প্রকল্পে এক রাতে দুই রুশ প্রকৌশলীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে তারা মার যান বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান।
নিহতরা হলেন- প্রকল্পের সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ’টেস্ট রোসেম’র প্রকৌশলী চুকিন পাভেল (৫৯) এবং সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ প্রতিষ্ঠানের প্রকৌশলী টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০)।
ওসি জানান, শুক্রবার গভীর রাত ৩টার দিকে বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি কক্ষে চুকিন পাভেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন দুই সহকর্মী। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেন।
পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি আরও জানান, এর আগে রাত ২টার দিকে গ্রিনসিটি আবাসিকের ১২ নম্বর ভবনের একটি কক্ষ থেকে উপরে উঠেন টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০)। পরে নিচে নামার সময় তিনি সিঁড়িতে পা ফসকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পুলিশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি।
তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই তাদের মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, “ধারণা করা হচ্ছে, পাভেল হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ভায়াচেস্লাভের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে।
এর আগে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এক দিনের ব্যবধানে আরও দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেক্সেই এবং আগের দিন বুধবার গ্রিনসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় শাকিরভ আলেক্সেই মারা যান।
