২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কোভিড হাসপাতালের মেঝেতে বৃষ্টির পানি জমে ভোগান্তি

খুলনায় শুক্রবার সারাদিন থেমে থেমে ভারি বৃষ্টি হয়েছে। এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড হাসপাতালের মেঝে পানিতে তলিয়ে যায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 10:47 AM

Updated : 28 Apr 2022, 11:36 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, টানা বৃষ্টিতে হাসপাতাল ভবনের ছাদে বৃষ্টির পানি জমে যায়। সেই পানি সিঁড়ি দিয়ে নেমে ওয়ার্ডের মেঝেতে ঢুকে পড়ে।

এ ছাড়া হাসপাতালের ভাঙা জানালা দিয়েও পানি ঢুকে মেঝেতে জমে যায়। এ সময় দুর্ভোগে পড়েন অনেকে; শীতের মধ্যে মেঝেতে পানি থাকায় হাঁটাচলা করতে অসুবিধা হয় রোগীদের।

রোগীদের অভিযোগ, বর্ষা মৌসুমেও বৃষ্টি হলেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডের মেঝে তলিয়ে যেত। ওই সময় রোগীরা যে যা হাতের কাছে পেত তাই দিয়েই পানি সেচে বের করে দেওয়ার চেষ্টা করত।

কিন্তু এ বিষয়ে হাসপাতাল কর্তপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই শুক্রবারের বৃষ্টিতে আবারও মেঝে তলিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা কোভিড ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বলেন, ওই ভবনে বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে। আসলে করোনাকালীন সময়ে তাৎক্ষণিকভাবে এই ভবনটি তৈরি করা হয়েছে। ফলে এ সমস্যাগুলো হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ১০টার পর পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।