২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রংপুরে ২৪ ঘণ্টায় ৩৮৩ রোগী শনাক্ত

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৮৩ রোগী শনাক্ত হয়েছে; শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৮০ শতাংশে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 06:55 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ১১৯, দিনাজপুরে ৬১, নীলফামারীতে ৫০, ঠাকুরগাঁওয়ে ৪৬, পঞ্চগড়ে ৩৪, গাইবান্ধায় ৩১, লালমনিরহাটে ২৩ ও কুড়িগ্রামে ১৯ জন কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত রয়েছেন পাঁচ হাজার ৭২৫ জন।

“গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১০ জন। সংকটাপন্ন ১৪ রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।”

পরিচালক আরও জানান, রংপুর বিভাগে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১৬ হাজার ১৯৬ জন এবং ৩৩৪ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৫ জনের মৃত্যু হয়েছে রংপুরে। এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২ জনে।

“এ ছাড়া জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছে গাইবান্ধায়। এ জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে পাঁচ হাজার ২৬২ জনের। ঠাকুরগাঁওয়ে মৃত্যু ২৫৬ ও শনাক্ত আট হাজার ৩৬৬, নীলফামারীতে মৃত্যু ৮৯ ও শনাক্ত পাঁচ হাজার ১০২, পঞ্চগড়ে মৃত্যু ৮১ ও শনাক্ত চার হাজার ১৭৮, কুড়িগ্রামে মৃত্যু ৬৯ ও শনাক্ত চার হাজার ৮৫১ এবং লালমনিরহাট জেলায় মৃত্যু ৭০ ও আক্রান্ত তিন হাজার ৫১ জন।”

আবু মো. জাকিরুল ইসলাম জানান, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট তিন লাখ ২৩ হাজার ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬১ হাজার ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আট জেলায় মৃত্যু হয়েছে এক হাজার ২৫৭ জনের। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩৪৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার আগের চেয়ে কমে আসছে। বর্তমানে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক।

“তবে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জনগণকে সচেতন করতে মুখে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা অব্যাহত আছে”, যোগ করেন জাকিরুল ইসলাম।