২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক চাপায় আহত রিমেলের সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ট্রাক চাপায় আহত রায়হান রিমেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 12:35 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শহীদ মীর আব্দুল কাইয়ুম আন্তর্জাতিক ডরমিটরিতে ঊধ্বর্তন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি রিমেলকে দেখতে যান।

এর আগে রাত ৮টার দিকে রিমেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ডরমিটরিতে আনা হয়। এ সময় রিমেলের বাবা আবদুর রাজ্জাক ও বোন হিমা সুলতানা সেখানে ছিলেন।

সেখানে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তর প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা মো. তারেক নূরসহ প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রিমেলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়ে তার বাবার হাতে ফলমূল ও কিছু অর্থ তুলে দেন উপাচার্য।

তিনি বলেন, “রিমেল সুস্থ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় তার সার্বিক দায়িত্ব নেওয়া হবে। এমনকি চিকিৎসাসহ যাবতীয় খরচও আমরা বহন করব।”

গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিমেল।

এই সময় আহত হোন হিমেলের সহপাঠী রায়হান রিমেল। এরপর বিক্ষুব্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালায় তারা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারী গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর ড. আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।