২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রদর্শনী বিতর্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রদর্শনী বিতর্ক আয়োজন করেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 11:17 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

'হীরক ভিসির পতনগাথা' শিরোনামের এ প্রদর্শনী বিতর্ক বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে এক ঘণ্টার অধিক সময় চলে। 

বিতর্কে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন বিচারকসহ পক্ষ ও বিপক্ষ দলে তিন জন করে বিতার্কিক অংশগ্রহণ করেন। 

প্রদর্শনী বিতর্ক সম্পর্কে আন্দোলনের এক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয় মুক্ত চর্চার কেন্দ্রবিন্দু। এখানে শিক্ষার্থীরা তাদের দাবি, চাওয়া পাওয়া ও বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে।"

এরই মূল চিত্র তুলে ধরতে এ প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।  

চলমান আন্দোলনের কার্যক্রম হিসেবে এই প্রতিবাদী বিতর্কের আয়োজন জানিয়ে বিতার্কিক মেহরাব সাদাত বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান এই আন্দোলন কেন যৌক্তিক, কেন চলমান আন্দোলনটি সফল হওয়া দরকার এবং কেন অবিলম্বে ভিসির প্রত্যাহারটি প্রয়োজন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই বিতর্কে।

বিতর্ক হওয়ার আগে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে উপাচার্যের পদত্যাগের চলমান আন্দোলন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি নিয়েও কথা বলেন তারা। 

বিকালের এই আলোচনা সভায় ত্রিশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে শিক্ষার্থী ইয়াছির সরকার বলেন, “সভায় আমাদের চলমান আন্দোলনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের মূল দাবি উপাচার্যের পদত্যাগ। অবাঞ্ছিত উপাচার্যকে সরানোই আমাদের আন্দোলনের উদ্দেশ্য।  আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী তা নিয়ে এই সভায় কোনো কিছু নির্ধারণ করা হয়নি।"  

আন্দোলনের কর্মসূচি নিয়ে শুক্রবার আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

পুলিশি হামলার পর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে যান।

সাতদিন পর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক তাদের অনশন ভাঙান।

অনশন ভাঙলেও শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।