২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলা: ফখরুলের বিরুদ্ধে তদন্তের আদেশ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন আমলে নিয়ে তদন্তের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 10:22 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শামসুর রহমানের আদালত বৃহস্পতিবার দুপুরে শুনাশি শেষে এই আদেশ দেয়। জেলা গোয়েন্দা পুলিশকে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

গত ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

মামলায় প্রধান আসামি করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অন্যদের মধ্যে আছেন ইশরাক হোসেন, চাকুরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

বাদীপক্ষের আইনজীবী নুরুল হুদা সাংবাদিকদের জানান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর আদালতে মামলার আবেদন করা হয়। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে। শুনানি শেষে আদালত মামলাটি তদন্ত করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।