২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রাবিতে সশরীরে ক্লাস বন্ধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

কোভিড সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 07:02 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সশরীরে ক্লাস বন্ধ হলেও আবাসিক হলগুলো খোলা থাকবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জরুরি কার্যক্রম ছুটির দিন ছাড়া সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

“এছাড়া জরুরি পরিসেবাসমূহ – বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাপ্তরিক প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে এবং ক্যাম্পাসে কোনো সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত ২১ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণ রোধে দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। যার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও সশরীরে সকল ক্লাস বন্ধের ঘোষণা দেয়। সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা করে সরকার।