কাদের মির্জার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সংঘর্ষে ওসিসহ আহত ১২
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের সময় আওয়ামী লীগের দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বামনি বাজারে কাদের মির্জা ও তার ভাগনে সিরাজিস সালেকিন রিমনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বৃহস্পতিবার দুপুরে বলেন, “থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আউয়াল সুমন বাদী হয়ে মধ্যরাতে মামলাটি করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।“
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহ গণমাধ্যমকে বলেন, “বুধবার দুপুরে আমি বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেরিকাপ্রবাসী মরহুম দর্জি ওবায়দুল হকের কুলখানি অনুষ্ঠানে যোগ দিতে যাই। এ সময় মেয়র আব্দুল কাদের মির্জা আমাকে অনুষ্ঠানস্থলে দেখে ইউপি নির্বাচনে আমি কেন তার সমর্থিত প্রার্থীর বিপক্ষে ভোট করছি তা নিয়ে হুমকি দেন। একপর্যায়ে আমাকে থাপ্পড় মারেন।”
তবে এ ব্যাপারে মেয়র কাদের মির্জার বক্তব্য জানতে তার মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
কাদের মির্জার ভাগনে সিরাজিস সালেকিন রিমন রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে কাদের মির্জার সমর্থিত প্রার্থী হচ্ছেন ইকবাল বাহার চৌধুরী। এই ইউনিয়নে বিএনপির কোনো নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হননি। সাবেক চেয়ারম্যান বিএনপিনেতা আনছার উল্যাহ স্বতন্ত্র প্রার্থী সিরাজিস সালেকিন রিমনের সমর্থনে ভোট করছেন।
পুলিশের মামলায় উল্লেখ করা হয়, আনছার উল্যাহকে লাঞ্ছিত করার ঘটনায় বুধবার সন্ধ্যায় রিমনের অনুসারীরা বামনি বাজারে কাদের মির্জার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। একই সময়ে ওই বাজারে কাদের মির্জা ছেলে মাশরুর কাদের তাশিক মির্জার নেতৃত্বে ইকবাল বাহার চৌধুরীর পক্ষে প্রচার চালাতে যায়।
ওসি সাজ্জাদ রোমন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে দুপক্ষের হামলায় উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আউয়াল ও মো. আবদুল মোমেন, কনস্টেবল মো. আলমগীর হোসেন, মো. তানভীর আহাম্মেদ, উথোয়াই চিং রোয়াজা ও বিধা দেবনাথ আহত হয়েছেন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে বামনি বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান ওসি।
আনছার উল্যাহকে লাঞ্ছিত করার ঘটনা উল্লেখ করে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজিস সালেকিন রিমন বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাদের মির্জা আমার অনুসারীদের হুমকি দিচ্ছেন, কেন তারা তার অনুসারীদের নির্বাচন করছেন না। আমার নির্বাচন যারা করছেন তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ খারাপ হচ্ছে।”
