কৃষির ‘যান্ত্রিকীকরণে ট্রে পদ্ধতির বীজতলায় ব্যাপক সাড়া’ রংপুরে
কৃষির যান্ত্রিকীকরণসহ বিভিন্ন সুবিধার লক্ষ্যে রংপুর বিভাগে ট্রে পদ্ধতির বীজতলার প্রতি কৃষকরা ‘ব্যাপক সাড়া’ দিয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, এ বছর এ বিভাগে ৫০ হাজার ট্রে পদ্ধতির বীজতলা তৈরির লক্ষ্য ঠিক করা হলেও কৃষক উৎসাহিত হয়ে ৫৭ হাজার তৈরি করেছেন।
এমনিতেই এ বিভাগে বোরো আবাদের জন্য শীতের সময় বীজতলা তৈরি করতে গিয়ে দুচিন্তায় ভুগতে হয় কৃষককে। কখনও ঘন কুয়াশা, কখনও শৈত্যপ্রবাহে বীজতলা নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে ফলনে।
কৃষি কর্মকর্তা ওবায়দুর বলেন, ট্রে পদ্ধতিতে খরচ কম। বীজ নষ্ট হয় না। চারা সুস্থ ও সবল হয়। এতে ফলন ভাল হয়। যন্ত্রের মাধ্যমে চারা রোপণের জন্যও এই পদ্ধতি বিশেষ সহায়ক। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে যন্ত্রের মাধ্যমে ফসল আহরণের সময় ফসল নষ্ট হওয়ার হার আরও কমে যায় এবং সময়ও অপেক্ষাকৃত কম লাগে।
“এসব কারণে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ বিভাগের বিভিন্ন জেলায় এর ব্যাপক সাড়া পড়েছে। এ বছর এ পদ্ধতিতে ৫০ হাজার বীজতলা তৈরির লক্ষ্য থাকলেও অর্জিত হয়েছে ৫৭ হাজার।”
মাটিতে বীজতলা তৈরি করলে যেখানে কমবেশি দেড় মাস সময় লাগে চারা রোপণযোগ্য হতে, সেখানে ট্রে পদ্ধতিতে এক মাসের কম সময়ে চারা রোপণযোগ্য হয় বলে তিনি জানান।
