২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গদখালীর ফুলরাজ্য রাঙাচ্ছে টিউলিপ

ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালীতে প্রথমবারের মতো রঙ ছড়াচ্ছে শীতপ্রধান দেশের অভিজাত টিউলিপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 04:18 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

দেশের ফুলের চাহিদার প্রায় ৭৫ শতাংশ ঝিকরগাছা গদখালী থেকে এলেও এই প্রথম সেখানে টিউলিপের চাষ করে সফল হয়েছেন উপজেলার পানিসারা গ্রামের ইসমাইল হোসেন; তার বাগানজুড়ে বাহারি রঙ ছড়াচ্ছে এই ফুল।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুলচাষি ইসমাইলের এই সাফল্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো গদখালীতে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের মতো গরমপ্রধান দেশে টিউলিপ ফোটানো এখন পর্যন্ত রীতিমতো সাধনারই বিষয়। অপরিসীম ধৈর্য ধরে সফল হয়েছেন ইসমাইল।”

জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ইসমাইলের বাগানে দোল খেতে শুরু করেছে বাহারি রঙের টিউলিপ। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছে দূর-দূরান্ত থেকে আসা মানুষ।

ফুলচাষি ইসমাইল হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেদারল্যান্ডসের জাতীয় ফুল টিউলিপ। নেদারল্যান্ডস শীতপ্রধান দেশ হওয়ায় টিউলিপ ফুলের চাষ এদেশে করতে গিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিশেষ ছাউনি তৈরি করতে হয়েছে।

পাঁচ শতক জমিতে পরীক্ষামূলকভাবে পাঁচ হাজার বাল্ব (কন্দ) লাগান তিনি। ৬ জানুয়ারি লাগানো বাল্ব থেকে চারা হওয়ার পর ২০ জানুয়ারি তাতে কুঁড়ি দেখতে পাওয়া যায়।

চাষের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এই ফুলচাষি বলেন, “টিউলিপ শীতপ্রধান দেশের ফুল হওয়ায় এদেশে চাষের জায়গাটি প্রথমে সূর্যের তাপ নিয়ন্ত্রণের জন্য শেড নির্মাণ করতে হবে। এরপর কাট-পেঁয়াজের মত টিউলিপ ফুলের বাল্ব মাটিতে সারিবদ্ধভাবে লাগাতে হবে। সূর্যের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি মাটিকে রসালো রাখতে হবে।

শীতের দেশের বাহারি টিউলিপে রঙিন দেলোয়ার হোসেনের বাগান  

“টিউলিপ ফুলের গাছ ১৭ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটার লম্বা হয়। বাল্ব লাগানোর দুই সপ্তাহের মধ্যে কুঁড়ি আসতে শুরু করে। বিদেশ থেকে বাল্ব আনতেও উল্লেখযোগ্য অঙ্কের শুল্ক লাগে। তাই এ ব্যাপারে কৃষি অধিদপ্তরকে কৃষকদেরকে সহযোগিতা করতে হবে।“

ইসমাইল বলেন, “নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করা টিউলিপ ফুলের বাল্ব (কন্দ) প্রতিটির দাম পড়ে ৭০ টাকা। আর এক একটি টিউলিপ ফুল বিক্রি হয় ১২০ থেকে ১৫০ টাকায়। ফুলটি ২০ দিন ধরে রাখা সম্ভব। আলোর স্বল্পতায় সন্ধ্যা হলেই ফুলটি ম্রিয়মান হয়ে যায়; আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেলে যায় পাঁপড়ি।”

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গদখালীর মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১১ ধরনের ফুল।

“দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টিউলিপের পরীক্ষামূলক চাষে সাফল্যের মুখ দেখেছে গদখালির একজন ফুলচাষী। এই ফুল নিয়ে চাষিরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। ফুলের বাজার ছাড়াও স্থানীয় পর্যটনশিল্পের প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে টিউলিপ”, যোগ করেন আব্দুর রহিম।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘নেদারল্যান্ডস থেকে গাজীপুরের দেলোয়ার হোসেনের মাধ্যমে সরকারি খরচে আট প্রজাতির পাঁচ হাজার বাল্ব আমদানি করা হয়।

ওই বাল্বই ইসমাইল হোসেনের বাগানে লাগানো হয়। এরই মধ্যে সানরাইজ, অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), লা বেলা রেড (লাল), মিল্কশেক রেড (লাল) প্রজাতির টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে।

পর্যায়ক্রমে আট প্রজাতিরই ফুল ফুটবে বলে আশা প্রকাশ করে এই কৃষি কর্মকর্তা বলেন, “আমরা ফুলের রাজ্য গদখালীকে মিনি নেদারল্যান্ডস হিসেবে পরিচিত করে তুলতে চাই।”