২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি উপাচার্যের পদত্যাগ আন্দোলন অব্যাহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আন্দোলন অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 12:50 AM

Updated : 02 Aug 2022, 02:50 PM

প্রতিবাদী গান, কবিতা, রোড পেইন্টিং, টং স্থাপন, আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ১৮তম দিন বুধবারও আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী গান গেয়ে আর কবিতা আবৃত্তির মাধ্যমে এ আন্দোলন  চলছে।

এছাড়া আলোকচিত্র প্রদর্শনী এবং টং দোকান পুনরায় স্থাপনের কাজ চলছে বলে তিনি জানান।

বুধবার বিকাল ৫টায় একাডেমিক ভবন 'বি' এর সামনে উপাচার্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে প্রথম 'চাষাভুষার টং' দোকান উদ্বোধন করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, “টং দোকানগুলোতে আমরা সাধারণত স্বল্পমূল্যে খাবার খেয়ে থাকি। পাশাপাশি এ উন্মুক্ত পরিবেশে আমরা আড্ডা-যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ পাই।

"কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন এটা বন্ধ রাখায় আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা এটা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি "

‘চাষাভূষার টং’ নাম রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এক বক্তব্যে চাষাভুষা শ্রেণিকে অপমান করেছিলেন।
"অথচ, তারাই সভ্যতার বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এজন্য তাদের সম্মানে আমরা এ টংয়ের নাম ‘চাষাভূষার টং’ রেখেছি। "

বিশ্ববিদ্যালয়ের টং দোকান উচ্ছেদের প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীদের উদ্যোগে ' চাষাভুষার টং ' দোকান নামে আরও ৪টি টং বানানোর কাজ চলছে জানান আন্দোলনের আরেক শিক্ষার্থী।

তিনি বলেন, টং দোকানগুলো পুনরায় স্থাপন করাও উপাচার্যে পদত্যাগের আন্দোলন। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এ টং দোকানগুলো উচ্ছেদ করেছিল।"

"এতে শিক্ষার্থীদের অবসর সময়ে গল্প গুজব, খাবরের জায়গা সংকীর্ণ হয়ে যায়। টং দোকানগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের  অন্যতম জায়গা। তাই নিজেদের উদ্যোগে টং দোকান নির্মাণের কাজ চলছে।"

উপাচার্যের পদত্যাগ দাবির আন্দেোলনের বর্তমান কর্মসূচি সন্ধ্যার পর থেকে শুরু হয় বিভিন্ন কবিতা আর গানের মাধ্যমে । বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাধারণ শিক্ষার্থীরা  প্রতিবাদী গান গেয়ে আর কবিতা আবৃত্তি মাধ্যমে এ আন্দোলন চালিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

পুলিশি হামলার পর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে যান।

সাতদিন পর সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক  জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।