২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গৃহবধূ হত্যা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 03:33 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বুধবার সকালে বলেন, গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার খাদিজা খাতুন (২২) হত্যার ঘটনায় তার বাবা একই এলাকার রুহুল আমীন তালুকদার বাদী হয়ে মামলা করেন। 

মামলায় আসামি করা হয় খাদিজার স্বামী মো. হাবিবুল্লাহ (৩০) ও তার মা সালমা আক্তারকে (৪৫)। মামলার পর পরই হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক।

গত সোমবার পুলিশ স্বামীর বাড়ি থেকে খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মামলার বরাত দিয়ে পরিদর্শক জানান, প্রায় পাঁচ বছর আগে হাবিবুল্লাহ ও খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন ১০ লাখ টাকা যৌতুকের জন্য খাদিজার ওপর নির্যাতন করে আসছিল।

একপর্যায়ে রুহুল আমিন জামাতাকে ছয় লাখ টাকা যৌতুক দেন। তারপরও বাকি চার লাখ টাকার জন্য খাদিজাকে চাপ ও নির্যাতন করা হচ্ছিল।

মামলায় আরও অভিযোগ করা হয়, যৌতুকের জন্য খাদিজাকে হত্যা করে লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এবং আত্মহত্যা বলে প্রচার করা হয়।  

পরিদর্শক আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গ্রেপ্তার হাবিবুল্লাহকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। খাদিজার শাশুড়ি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।