গাজীপুরে টেম্পোকে মিনিবাসের চাপা, শিশুসহ নিহত ২
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় মিনিবাসের চাপায় টেম্পোর দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান।
নিহতরা হলো- বাসন থানার কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নূর আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এসআই মতিউজ্জামান বলেন, টেম্পোটি যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তায় যাচ্ছিল। ইটাহাটা এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাস পেছন থেকে টেম্পোটিকে ধাক্কা দেয়।
চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
