২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিএনপি নেতা জি কে গউছসহ ৪০ নেতাকর্মী কারাগারে

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে  গউছসহ সংগঠনটির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 06:25 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এমএলবি মেজবাহ্ উদ্দিন আহমেদ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে সংগঠনটির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় ২৪ ডিসেম্বর হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হাসান ৭০ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী মঞ্জুর উদ্দিন বলেন, ওই মামলায় দলটির ৪০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জি কে গাউছ ছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক আইনজীবী এনামুল হক সেলিম, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন রয়েছেন কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে।