২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বামী পাতি তুলে আর হামরা চাটাই বানাই’

রংপুরের কয়েকটি গ্রামের মানুষ যুগ যুগ ধরে বংশ পরম্পরায় পরিবারের সবাই মিলে করে যাচ্ছেন বাঁশশিল্পের কাজ; যা সংসার চালানোর জন্য পরিবারের উপার্জনের প্রধান খাতও বটে।

আফতাবুজ্জামান হিরু

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 03:01 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের চিলমন, পাঙ্গাটারী, খলিশাকুড়ি, মহব্বত খাঁ গ্রামের দুই শতাধিক পরিবার আর পাশের ৮ নম্বর ওয়ার্ডের পরিস্থান গ্রামে আরও শতাধিক পরিবার বাঁশ দিয়ে চাটাই তৈরির কাজ করে থাকে।

সম্প্রতি এই গ্রামগুলোতে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে বাঁশঝাড়; দূর থেকে দেখলে মনে হবে গোটা গ্রামটাই যে বাঁশঝাড়ের গ্রাম। পুরুষরা ব্যস্ত বাঁশ প্রক্রিয়াজাত করে পাতি তোলার কাজে আর নারী ও শিশুরা ব্যস্ত চাটাই বানানোতে। সারা সপ্তাহের কাজ নিয়ে দুই দিন হাটে পরিবারের কর্তা; আর তাই দিয়ে চলে যায় এই শ্রমজীবী মানুষগুলোর জীবন। 

এই গ্রামগুলোতে শুধু চাটাই তৈরির কাজই হয়; বাঁশশিল্পের অন্য কোনো উপকরণ এখানে তৈরি হয় না। যদিও পরিবেশগত কারণে বাঁশশিল্পের কদর সারা বিশ্বেই বাড়ছে। দেশ থেকে বাঁশের তৈরির নানা উপকরণ বিদেশে রপ্তানি হচ্ছে; কিন্তু তা থেকে বঞ্চিত এই গ্রামগুলোর শ্রমজীবীরা। তাদের কাজে যেমন আধুনিকতার ছোঁয়া নেই; তেমনি নেই বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও।

৯ নম্বর ওয়োর্ডের চিলমন গ্রামের রহিমা বেগম (৫০) তিন দশকের বেশি সময় ধরে এই চাটাই তৈরির কাজ করে যাচ্ছেন। বিয়ের পর স্বামীর কাছ থেকেই তিনি এই কাজ শিখেছেন। তাদের চার সন্তান। এই কাজ করেই তারা তিন ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন; আর মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন।

রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামীর পরিবার এই কাজ পৈত্রিক সূত্রে পেয়েছে। নিজেদের বাঁশ ঝাড় আছে। কাজের চাপ বেশি হলে অনেক সময় বাজার থেকে বাঁশ কিনেও আনা হয়। বাঁশের তৈরি উপকরণ বিক্রি করে তার সংসার ভালই চলছে বলে জানান তিনি।

একই এলাকার আরজেনা বেগম (৪৫) বলেন, দলবেঁধে কাজ করতে মজা ভাল লাগে। তাতে কাজের গতিও বাড়ে আর সময়ও কাটে।

“হামার তো আর কোনো কাজ জানা নাই। হামার স্বামী পাতি তুলে আর হামরা সবাই মিলে চাটাই বানাই। তাক দিয়ে হামার সংসার চলে”, যোগ করেন আরজেনা।  

সরজমিনে পাঙ্গাটারী এলাকার গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়ির উঠানেই নারী-পুরুষ পাশাপাশি বসে কাজ করছেন। গল্প করতে করতেই তাদের হাত চলছে। কেউ কেউ পাশে মোবাইলে গান চালিয়ে দিয়েছেন, তাতে উচ্চস্বরে গান বাজছে।  

শীতের এক সকালে উঠানে রোদের মধ্যে বসে কাজ করছিলেন পাঙ্গাটারী এলাকার আমিনুর রহমান (৫০)। তিনি জানান, তিনি প্রায় চার দশক ধরেই এই কাজ করছেন। বাবা-দাদার হাত ধরে তার এই কাজে হাতেখড়ি। পরে তিনি তাঁর স্ত্রী ও সন্তানকে শিখিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বলেন, “আমি আমার জীবনে আর কোনো কাজ করি নাই। চাটাই বানানো ছাড়া আর কিছুই পারি না যে, সেই কাজ করে খাব। কী করব ভাই, আমরাতো গরিব মানুষ। আমাদের দিকে কেউ তাকাবান (তাকাবেন) না । এই চাটাই ধারা বানিয়ে কোনোমতে চলে হামার সংসার।”

আমিনুরের কষ্ট, “এ বছর এত ঠান্ডা যাইতেছে, কেউ হামাক এখান কম্বলও দিল না।”

পাশের খলিশাকুড়ি গ্রামে গিয়ে দেখা যায়, মোবাইলে গান ছেড়ে দিয়ে আতা মিয়া বাঁশের পাতি তুলছেন। তিনি জানান, খাবার সময়টুকু বাদ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করেন তারা। পরিবারের সবাই মিলেই কাজ করেন। 

পাঙ্গাটারী গ্রামের মোসলেম উদ্দিন (৫৫), আনসার আলী (৪০) ও মবিনুর রহমান জানান, সপ্তাহে দুদিন তারা রংপুরের কারমাইকেল কলেজের পাশের লালবাগের হাটে নিয়ে এসব চাটাই বিক্রি করেন। সেখানে সপ্তাহে রোব ও বুধবার হাট বসে।

মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাটাই হলে প্রতি হাত ৩৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর সাধারণ মানের হলে ২৫ টাকা। এক হাটে তিনি খরচ বাদ দিয়ে হাজার দেড়েক টাকা পর্যন্ত আয় করতে পারেন। সপ্তাহে তার প্রায় তিন হাজার টাকা আসে।

চাটাই যেমন খুচরা বিক্রি হয়, তেমনি কেউ কেউ পাইকারীও কিনে নেয় বলে জানান আনসার আলী। তিনি বলেন, যারা খুচরা কিনে তারা বাড়িঘরের কাজকর্মের জন্যই কিনে। আর যারা পাইকারি কিনে তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। রংপুর শহরেও অনেক দোকান আছে যেখানে বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হয়। তারাও এদের কাছ থেকেই কিনে। পরে হয়তো হাতপ্রতি এক থেকে দুই টাকা লাভ করে বিক্রি করে।      

রংপুর অঞ্চলে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের নিয়ে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থাই (এনজিও) কাজ করছে। অধিকাংশই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন। চাটাইশিল্পের গ্রামগুলোতেও সমিতির মাধ্যমে এমন ঋণ দেয় সংস্থাগুলো। তবে এই শিল্পের উন্নয়নের জন্য কোনো সংস্থা থেকে ঋণ পাননি শ্রমজীবীরা।