ফরিদপুরে প্রেমের দ্বন্দ্বে হামলায় আহত কিশোরের মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রেমের দ্বন্দ্বের জেরে হামলায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহেদ শেখ (১৭) নামে এই কিশোর রোববার রাতে মারা যায় বলে আলফাডাঙ্গা থানার এসআই আবু শহিদ জানান।
শাহেদ আলফাডাঙ্গা অনির্বাণ প্রি-ক্যাডেট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের শেখ সাদিকের ছেলে সে।
স্বজনরা জানান, এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে দুই পরিবারের বিরোধ রয়েছে। এর জেরে রোববার দুপুরে তাকে কুপিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার পর পুলিশ দুইজনকে আটক করেছে এবং অন্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন এসআই আবু শহিদ।
