২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেব্রার মৃত্যু: সাফারি পার্কের দুই কর্মকর্তা প্রত্যাহার

২৭ দিনে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনার তদন্তের মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 07:45 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

সেই সঙ্গে প্রকল্প পরিচালককে প্রত্যাহারের ‘প্রক্রিয়া শুরু‘ করা হয়েছে বলে সোমবার বিকালে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর।

গত ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে পার্কের মোট ১১টি জেব্রার মৃত্যু হয়। সবশেষ শনিবার সকালে ও সন্ধ্যায় অসুস্থ দুটি জেব্রার মৃত্যু হয়।

পার্কের অসুস্থ জেব্রাগুলোর বিভিন্ন মেডিকেল পরীক্ষার ফলাফল দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে ‘উন্নত চিকিৎসা ও অধিকতর যাচাই-বাছাইয়ের স্বার্থে’।

প্রাণীদের ‘মৃত্যুর’ ব্যাপারে তদন্ত ও করণীয় ঠিক করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়; গতকাল রোববার সকালে পার্কে গিয়ে তদন্তকাজ শুরু করেছেন তারা।

তখন তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ অভিযোগ করে বলেন, পার্কের কর্মকর্তাদের ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে‘ পার্কের ১১টি জেব্রাকে ‘হত্যা’ করা হয়েছে।

এর একদিন পরই এই প্রত্যাহারের তথ্য এল।

সোমবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করতে কমিটির নিরপেক্ষ তদন্তের সার্থে দায়িত্বরতদের প্রত্যাহার ও বদলি করা হয়েছে।

“এর অংশ হিসেবে আজ সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।“

তাদের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ, ফরিদপুর সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলাহাজরা, কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

‘প্রত্যাহারের উদ্যোগ’ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কর্মকর্তাকে প্রত্যাহারের কাগজ-পত্র এখনও প্রস্তুত হয়নি।”

এ ব্যাপারে জানতে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানকে মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।