২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের ‘পরিচয়পত্র নিয়ে জটিলতায়’ বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 04:22 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

কয়েক দিন ধরে দ্বন্দ্বের পর গত শনিবার বন্দর অচল হওয়ার উপক্রম হয়। তবু কয়েক ঘণ্টা চলার পর আবার চালু হলেও সোমবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের কাস্টমস কার্গো শাখার পরিদর্শক গোলাম মোস্তফা।

তবে তিনি বিস্তারিত বলেননি।

ভারতের বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বুদ্ধদেব বিশ্বাস বলেন, তারা তাদের সংগঠনের পরিচয়পত্র নিয়ে বন্দরে কাজকর্ম করে আসছিলেন।

“গত ১৫ জানুয়ারি বিএসএফ থেকে বলা হয়, ভারতীয় কাস্টমস, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের যৌথ স্বাক্ষরে তৈরি পরিচয়পত্র ব্যবহার করতে হবে। অন্যথায় কাউকে পেট্রাপোল বন্দর এলাকায় ঢুকতে দেওয়া হবে না।”

এই দ্বন্দ্বে শনিবার আমদানি-রপ্তানি আট ঘণ্টা বন্ধ থাকে জানিয়ে তিনি বলেন, পরে এক বৈঠকে আলোচনার পর আবারও বাণিজ্য চালু হয়।

“তারা আমাদের সোমবার পর্যন্ত সময় দেয়। কিন্তু দুই দিনের মধ্যে চারটি সংস্থার যৌথ স্বাক্ষরে পরিচয়পত্র তৈরি করা কঠিন। এ কারণে বাধ্য হয়ে আমরা বন্দর এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছি। আমাদের কোনো উপায় নেই।”

এ কারণে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি হচ্ছে না। একই কারণে বাংলাদেশ থেকেও ভারতে রপ্তানি হচ্ছে না।